মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নে বসতবাড়ির পাশে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে ইমামুল হক শিকদার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর চাষ করা দুটি গাঁজা গাছ জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, উলপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ইমামুল হক শিকদার তাঁর বসতবাড়ির পশ্চিম পাশের জঙ্গলে অবৈধভাবে গাঁজা চাষ করছেন।

পরে ডিবির একটি দল ওসি ডিবির নেতৃত্বে সেখানে অভিযান চালায়। এ সময় ইমামুল হক শিকদারের দেখানো স্থান থেকে চাষ করা দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গত ২১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি করে গাছ দুটি জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *