আরিফ রব্বানী
ময়মনসিংহ
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় অবদানের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান। একই সঙ্গে তাঁর নেতৃত্বে ময়মনসিংহ জেলা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে।
বুধবার (১১নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, এসপি কামরুল হাসানের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। কামরুল হাসান এর আগেও গত
আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় অবদানের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবেও রেঞ্জে শ্রেষ্ঠত্বের সম্মাননা পদক লাভ করেন।
সভায় সভাপতির বক্তব্যে ডিআইজি জাহিদুল হাসান সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, মানবপাচার, মানিলন্ডারিং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন।
থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, দেশের সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পেশাদারত্ব ও সুন্দর ব্যবহারের মাধ্যমে পুলিশকে জনগণের আস্থার জায়গায় পৌঁছাতে হবে।
সদ্য অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রতিমা তৈরির স্থানসহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও ময়মনসিংহ জেলা পুলিশের প্রতি সন্তুষ্টি জানান ডিআইজি।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, এ অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রম, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার যৌথ ফল। জেলার শান্তিকামী মানুষের সহযোগিতাই তাদের সবচেয়ে বড় শক্তি।
তিনি বলেন, এ স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা ও প্রেরণা আরও বাড়িয়েছে। জেলাজুড়ে অপরাধ দমন, সাধারণ মানুষের দ্রুত আইনি সেবা নিশ্চিত করা এবং মানবিক পুলিশিং বাস্তবায়নে ময়মনসিংহ জেলা পুলিশ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।
সভায় অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে রেঞ্জের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদেরও পুরস্কৃত করাসহ
ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তারে বিশেষ অবদানের জন্য বিভাগের বিভিন্ন থানায় কর্মরত সফল এসআইদেরকেও
পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, ময়মনসিংহ রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অভিন্ন মানদণ্ডের আলোকে অক্টোবর ২০২৬ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান এবং পেশাগত দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল ইমরানুল আলম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শেরপুরের ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এস এম নূর মোহাম্মদ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে জামালপুর সদর থানার মো. নাজমুল জান্নাত শাহ্, শ্রেষ্ঠ এসআই হিসেবে নেত্রকোণা সদর থানার এসআই (নিরস্ত্র) মো. মাজহারুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে জামালপুরের মেলান্দহ থানার এএসআই (নিরস্ত্র) রুবেল মিয়াকে পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়া বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিন পুলিশ কর্মকর্তাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল ও একটি ট্রাক উদ্ধার এবং গ্রেপ্তার হওয়া আট আসামির মধ্যে চারজনের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ময়মনসিংহের ত্রিশাল থানার এসআই (নিরস্ত্র) মো. আবুল কালাম আজাদকে পুরস্কৃত করা হয়।
বিশেষ অভিযান পরিচালনা করে একজন আসামিকে গ্রেপ্তার ও ৪৮ কেজি গাঁজা উদ্ধারের জন্য ময়মনসিংহের গৌরীপুর থানার এসআই (নিরস্ত্র) মোস্তাফিজুর রহমানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে, ১২টি জিআর/সিআর পরোয়ানা, সাতটি সিআর সাজা-সংক্রান্ত পরোয়ানা এবং ২৬টি রিকল/ওডি পরোয়ানাসহ মোট ৪৫টি পরোয়ানা নিষ্পত্তি করায় জামালপুর সদর থানার এসআই (নিরস্ত্র) মো. সিরাজুল হককে বিশেষ পুরস্কার প্রদান করেন ডিআইজি।
সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং ডিআইজির স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার মো. পারভেজ আলম।
এ ছাড়া অনলাইনে রেঞ্জাধীন জেলাগুলোর ক্রাইম শাখার কর্মকর্তা ও সার্কেল কর্মকর্তারা সভায় যুক্ত ছিলেন। রেঞ্জ ডিআইজির কার্যালয়ের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরাও সভায় উপস্থিত ছিলেন।
