সামদানী হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ জুবায়ের মিয়া (২০)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানাধীন নাসিরাবাদ কলেজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুবায়ের মিয়া ময়মনসিংহ জেলার বাসিন্দা।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, অপহরণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে জুবায়ের তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবার জুবায়ের ও তার পরিবারকে অবহিত করে এবং এ ধরনের আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে জুবায়ের ওই কিশোরীকে অপহরণের হুমকি দেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে আরও জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে কিশোরী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় মাজারসংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে জুবায়ের তার অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ময়মনসিংহের গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলাটি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ০৮ নম্বরে নথিভুক্ত হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ২০২৫ সালের ৭/৩০ ধারায় মামলাটি করা হয়।
মামলার পর থেকে পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবি-১৪ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল নাসিরাবাদ কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি জুবায়ের মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, অপহৃত কিশোরীকে ইতোমধ্যে গফরগাঁও থানা পুলিশ উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৪ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
