আরিফ রব্বানী
ময়মনসিংহ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিক্ষা ও আদর্শের আলোকে দেশ গড়ার আহ্বান জানিয়ে
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেছেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা নয়; শিক্ষা মানুষকে আলোকিত, বিবেকবান ও সমাজের প্রতি দায়িত্বশীল করে তুলবে। একজন শিক্ষার্থী জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা, সত্য ও ন্যায়ের প্রতি অবিচলতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ অর্জন করলেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সফল হবে। কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য আমাদের সেই মানবিক ও নৈতিক শিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়।
বুধবার (১১ নভেম্বর) তিনি সদর উপজেলা পরিষদের হল রুমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬-২০২৭ নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তাঁর অসামান্য প্রতিভার জোরে বাংলা সাহিত্যে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে আছে। নজরুল ছিলেন একজন বিদ্রোহী কবি। তাঁর সাহিত্যকর্ম ও কবিতা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং এসব কবিতা লেখার কারণে তাঁকে কারাবরণও করতে হয়েছিল। তাঁর রচিত বিদ্রোহী কবিতাগুলো আজও নতুন প্রজন্মকে সাহস ও প্রেরণা জোগায়।এর আগে শুধু কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করলেও, বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের নজরুলকে আরও গভীরভাবে জানার সুযোগ করে দিতে এবং তাঁর সাহিত্যকর্ম তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘নজরুল বর্ষ’ উদযাপনের এই চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের সচেষ্ট হতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
