মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার
রাজশাহীর তানোরে বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২২৫ টাকাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় এসআই আবু নাঈম, এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. আসাদুজ্জামান এবং পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তানোর থানাধীন ব্রাহ্মণজয় গ্রামের মো. আকরাম (৫২)-এর বসতবাড়ি থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. রাজু আহমেদ (৩৩), পিতা মো. আব্দুস সালাম, গ্রাম শংকরপুর, থানা তানোর, জেলা রাজশাহীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪ হাজার ২২৫ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে তানোর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “মাদকের বিরুদ্ধে তানোর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না।”
