মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

মঙ্গলবারের নানা অঘটন ও উত্তেজনাকর পরিস্থিতির পর গোপালগঞ্জে ফিরেছে শান্ত পরিবেশ। বুধবার সকাল থেকে জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের পাশাপাশি বিজিবি ও এসআরবির সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দিচ্ছেন। পাশাপাশি পরিস্থিতির ওপর গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।

এদিকে, মঙ্গলবারের ঘটনায় বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জানিয়েছেন, সহিংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি আরও জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ সুপার বলেন, গোপালগঞ্জ একটি শান্তিপ্রিয় জেলা। অল্পসংখ্যক কিছু মানুষ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। তাদের কারণে সাধারণ মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

মঙ্গলবারের উত্তেজনার পর বুধবার পরিস্থিতি শান্ত থাকলেও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *