নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার ৫৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-পরিদর্শক মোঃ আল মাসুদের নেতৃত্বে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ চর পুলিয়ামারী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কালাচান মিয়া ওরফে সুরভী (২৬), পিতা: মোঃ আব্দুল লতিফ, গ্রাম: মেরুয়াখলা, কপনা, ইউনিয়ন: সলুকাবাদ, থানা: বিশ্বম্ভরপুর, জেলা: সুনামগঞ্জ এবং মোঃ রতন মিয়া ওরফে রতনা (৪৯), পিতা: আব্দুল আজিদ, গ্রাম: নওপাড়া, থানা: কেন্দুয়া, জেলা: নেত্রকোনা।
এ সময় তাদের কাছ থেকে মোট ২ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন জেলায় মাদকের চালান সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১০(খ) এবং ৪১ ধারায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
