মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা পৃথক দুটি সফল বিশেষ অভিযানে মাদক কারবারি গ্রেফতার, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং চোরাইকৃত মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করেছে। পুলিশের এ ধারাবাহিক অভিযান অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় তাজহাট থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে লালবাগ কেডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে মোছা. সুমাইয়া আক্তার সুমি (৩০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পুরিয়া শুকনা গাঁজা (৫০ গ্রাম) ও মাদক বিক্রির ১ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানের সময় তার সহযোগী মোছা. স্মৃতি বেগম (২৬) ঘটনাস্থলে আরও ৫০ গ্রাম গাঁজা ফেলে পালিয়ে যায়। পুলিশ মোট ১০০ গ্রাম শুকনা গাঁজা জব্দ করে, যার আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অপরদিকে, মোটরসাইকেল চুরি মামলার তদন্তে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. দুলাল (৪০) ও মো. রাকিব মিয়া (২০)-কে গ্রেফতার করে তাজহাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত একটি ইয়ামাহা R15 V3 মোটরসাইকেলসহ আরও একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার NS-160 মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চোরচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার এমন ধারাবাহিক অভিযানে মাদক ও চুরি দমনে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পেশাদারিত্ব, দ্রুত পদক্ষেপ এবং নিয়মিত অভিযানের প্রশংসা করেছেন। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
