মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানা। অভিযানে মাদক কারবারি, বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামি, তদন্তে প্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৭০০ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে একাধিক টিম নগরীর বিভিন্ন এলাকায় সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সদর হাসপাতাল কম্পাউন্ডে গাঁজা সেবনের উদ্দেশ্যে অবস্থানরত ৩ জনকে আটক করে রংপুর মহানগর পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় প্রসিকিউশন দেওয়া হয়। এছাড়া বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিক্তা বেগম ওরফে শাকওয়ালী (৩৮)-কে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭০০ টাকাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে একটি সাজাপ্রাপ্ত আসামি, দুটি জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি, একটি এনজিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি, একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি এবং সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরপিএমপি জানিয়েছে, মাদক, সন্ত্রাস, পলাতক আসামি ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। কোতয়ালী থানা এলাকায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
