মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুরে নতুন ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ কার্যকর হওয়ার পরপরই এর কঠোর বাস্তবায়নে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে গোপন জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে হাজীরহাট থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম গিলাবাড়ি এলাকায় আবু মুসার বাড়ির রান্নাঘরে গোপনে জুয়ার আসর বসার তথ্যের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— আবু বক্কর সিদ্দিক (২৭), মো. আবু মুসা (৩০), মো. নাজমুল ইসলাম (৩৬) এবং শ্রী শ্যামল চন্দ্র রায় (৩১)।
আটককৃতদের বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ অনুযায়ী মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেছেন, নতুন আইন কার্যকর হওয়ার পর জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে আরপিএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মহানগরে কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
নতুন আইন বাস্তবায়নে আরপিএমপি ডিবির এই দ্রুত ও কার্যকর অভিযান সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অপরাধ নিয়ন্ত্রণে এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে সচেতন মহল মনে করছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে জুয়া ও অন্যান্য অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে অনুরোধ করেছে।
