সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহের পাগলা থানার হরিপুর হাটপাড়া এলাকায় মোবাইল চুরির অপবাদে এক কিশোরকে পিলারের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় তাকে রক্ষা করতে গিয়ে নিহত হওয়া বৃদ্ধ নবী হোসেন হত্যা মামলার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ কামাল (৪৫) ও মোঃ ইমন (২২)। র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গত ২৬ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্তরা ও তাদের সহযোগীরা নিহতের নাতি রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একটি পিলারের সঙ্গে বেঁধে মারধর করে। খবর পেয়ে নাতিকে উদ্ধার করতে গেলে বৃদ্ধ নবী হোসেনের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়।

পরে স্বজনরা নবী হোসেনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মোঃ হাইদুল ইসলাম (৫২) বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ২৭ জুলাই ২০২৬ তারিখে দায়ের করা হয় (মামলা নং-০৭)। এতে পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩০২/৩৪/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেফতারে র‌্যাব-১৪ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাগলা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *