মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে হাজীরহাট থানা পৃথক দুটি অভিযানে মোট দুইজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজন মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামী এবং অপরজন প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে আটক হন।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে হাজীরহাট থানাধীন জলকরিয়া এলাকায় নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পলাতক আসামী মো. হারুনুর রশিদ ওরফে ডিস বাবু (৪৮)-কে গ্রেফতার করা হয়।
একই দিনে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে জলকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আরেকটি অভিযানে মো. মঞ্জিল হোসেন (৩৯)-কে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে আটক করা হয়। এ ঘটনায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ অনুযায়ী নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অপরাধ ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, নিয়মিত অভিযান পরিচালনার ফলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় হাজীরহাট থানার এ ধরনের তৎপরতা জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
