মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীতে মাদক, বিশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানা। বুধবার (২৯ জুলাই) দিনব্যাপী পৃথক অভিযানে মাদকসেবন, জনশৃঙ্খলা বিঘ্ন, সন্দেহজনক চলাফেরা, চুরি মামলার তদন্ত এবং মাদক কারবারের অভিযোগে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ)-এর নির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানের মধ্যে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনের অভিযোগে পৃথক তিনটি ঘটনায় ১১ জনকে আটক করে রংপুর মহানগর পুলিশ আইন, ২০১৮ অনুযায়ী নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও আশপাশে রোগী ও সেবাপ্রার্থীদের হয়রানি, উত্যক্ত করা এবং জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে পৃথক কয়েকটি অভিযানে আরও ১০ জনকে আটক করা হয়।
একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে খামার মোড় নোয়াখালীপট্টি এলাকা থেকে ৬ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ২৫০ টাকাসহ এক নারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া একটি চুরি মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে আরও একজনকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, অপরাধ ও জনশৃঙ্খলা বিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে নাগরিকদের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *