মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীতে মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এরই ধারাবাহিকতায় তাজহাট থানা পুলিশের পৃথক দুই অভিযানে এক পেশাদার মাদক ব্যবসায়ী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাজহাট থানাধীন ভোগরাম সাঁওতালপাড়া এলাকার মাটির সূচি পার্ক সংলগ্ন পাকা সড়ক থেকে মো. জহুরুল ইসলাম ওরফে টেপা (৫১) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৪ বোতল চোলাই মদ, যার মোট পরিমাণ ১ লিটার এবং আনুমানিক বাজারমূল্য ৮০০ টাকা, জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাজহাট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে, একই দিনে তাজহাট থানার আরেকটি অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. মাহমুদুল হাসান প্রিতম (২৬)-কে লালবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তিনি রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। গ্রেফতারের পর তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *