গাজীপুর আদালতের গারদ (লক-আপ) থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ ৩২ মামলার আসামি মো. সম্রাট (২৮)কে পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ।
র্যাব-১৪ জানায়, সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে জামালপুর জেলার বাসিন্দা সম্রাটকে গ্রেফতার করা হয়।
র্যাবের তথ্যমতে, গাজীপুর সদর থানার একটি ডাকাতি মামলায় (ধারা ৩৯৫/৩৯৭) গ্রেফতার সম্রাটকে ২০ জুলাই দুপুরে আদালতে হাজির করার জন্য গারদে নেওয়া হয়। দায়িত্বরত সদস্যদের কাছে আসামি বুঝিয়ে দেওয়ার সময় কাগজপত্র যাচাই-বাছাই চলাকালে মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে সে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে আদালত প্রাঙ্গণ থেকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাজীপুর সদর থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার পর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে র্যাব-১৪ আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে পলাতক আসামির অবস্থান শনাক্ত করে। পরে অভিযান পরিচালনা করে পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সম্রাটের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও অন্যান্য অপরাধে অন্তত ৩২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সম্রাটকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৪।
