সামদানি হোসেন বাপ্পি

ময়মনসিংহে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিএসসি’র অভিযানে দিনাজপুরের চিরিরবন্দর থানার অপহরণ মামলার প্রধান আসামি মোঃ শাহিন আলম (২১) গ্রেফতার হয়েছেন। একই অভিযানে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসআরবি-১৪ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। গত ২৫ আগস্ট সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, ওইদিন বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে শাহিন আলমসহ কয়েকজন সহযোগী একটি অজ্ঞাত ইজিবাইকে করে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় মামলা করেন। মামলাটি ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা হয়, যার নম্বর-১৪। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলা দায়েরের পর আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১৪ আসামিদের গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল ময়মনসিংহের ভালুকা থানাধীন আমতলী সরকার বাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি শাহিন আলমকে গ্রেফতার করা হয়। একই সময় তার হেফাজত থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ভিকটিমকে নিরাপদ হেফাজতে এবং গ্রেফতার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-১৪’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *