মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে হাজীরহাট থানা পুলিশ। এর মধ্যে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামি এবং গাঁজাসহ আরও দুইজন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে হাজীরহাট থানাধীন বকতিয়ারপুর ও বসুনিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ সিরাজুল ইসলাম, পিতা মৃত চয়েন উদ্দিন, সাং-বখতিয়ারপুর; মোঃ সাইফুল ইসলাম সাজু ও মোঃ আব্দুস সালাম, উভয়ের পিতা মোঃ ছফির উদ্দিন, সাং-বসুনিয়াপাড়া।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে হাজীরহাট থানায় জিআর ৭৩/১৯ এবং জিআর ৭৯/২২ মামলার ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে একই সময় হাজীরহাট থানাধীন উচাটারী ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে মোঃ রবিউল ইসলাম (১৮) ও মোঃ আলভীর হাসান (১৯) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের উভয়ের বাড়ি রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন খলিফাপাড়া এলাকায়।
এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ১০০ টাকা মূল্যের এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় হাজীরহাট থানায় নন-এফআইআর নং-৯২/২৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় মামলা করা হয়েছে।
হাজীরহাট থানা পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ)-এর নির্দেশনা অনুযায়ী এবং অফিসার ইনচার্জের নেতৃত্বে এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান ও রাত্রীকালীন মোবাইল ডিউটি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের নিয়মিত তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অভিযান দুটিতে এসআই আব্দুস সালাম, এসআই মোঃ শফিকুল ইসলাম, এসআই ফারহান কাজী, এএসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই মোঃ শাহিনুর রহমানসহ পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
