ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২১ বছর বয়সী এক মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মাদক মামলায় পাঁচজন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও চারজনসহ মোট ১২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ধর্ষণ মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। গত ১৯ সেপ্টেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামের মঞ্জুরুল হকের পুত্র শাহিন মিয়া (৩৬) তাকে নিজের বসতঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে রুবেল (৪২) এবং মানিক মিয়ার ছেলে রেজাউল করিম জয় (২২) তাকে সহযোগিতা করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর ভাই বাদী হয়ে শাহিন মিয়া, রুবেল ও রেজাউল করিম জয়কে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকেই গ্রেফতার করে।
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে মঙ্গলবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক পাঁচজনকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, তারাকান্দা উপজেলার তালদিঘি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ইয়াসিন, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের ফয়সাল মিয়া ও শাকিল, চরশিহারী গ্রামের মাহবুবুর রহমান এবং পৌর শহরের কাকনহাটি গ্রামের মনির। তাদের মধ্যে ইয়াসিন ও ফয়সাল মিয়াকে এক মাস করে, শাকিল ও মনিরকে দুই মাস করে এবং মাহবুবুর রহমানকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ড করা হয়েছে।
এ ছাড়া পুলিশের পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন এবং জিআর পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন বলেন, ধর্ষণ মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত পাঁচজন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ১২ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
