মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) নির্দেশনায় মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে হাজীরহাট থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে দুইজন আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজনকে ২০ গ্রাম গাঁজাসহ এবং অপরজনকে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টার দিকে হাজীরহাট থানার ১১ নম্বর ওয়ার্ডের কেরানীরহাট বাজারে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় জগদীশ চন্দ্র বর্মণ (৪৪) নামে এক ব্যক্তিকে তার পানের দোকানের ভেতর থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪০০ টাকা।
গ্রেফতার জগদীশ চন্দ্র বর্মণ রংপুর মহানগরের হাজীরহাট থানাধীন মধ্য বিন্নাটারী এলাকার মৃত বিশ্বেশ্বরের ছেলে।
অপরদিকে, ২৪ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে হাজীরহাট থানাধীন মন্থনা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পারিঃ ডিং-১১৩/২৫ (গংগাচড়া), প্রেসেস নং-১০৮/২৬ (হাজীরহাট) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মঈনুল হককে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি মন্থনা এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে।
হাজীরহাট থানা পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে। অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সালাম মিয়া, এসআই (নিরস্ত্র) ফারহান কাজী, এএসআই মোঃ সাইফুল ইসলাম ও এএসআই মোঃ শাহীনুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
গাঁজা উদ্ধারের ঘটনায় জগদীশ চন্দ্র বর্মণের বিরুদ্ধে হাজীরহাট থানায় এফআইআর নং-০৯/৮২, তারিখ ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মঈনুল হককে গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হাজীরহাট থানা পুলিশের এ ধরনের নিয়মিত মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রমকে স্থানীয়দের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পুলিশের তৎপরতায় মাদক ও অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *