নেত্রকোনার কলমাকান্দায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নেত্রকোনা সদর থানার কুরপাড়া মীরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মামলার প্রধান আসামি মো. রিফাত দেওয়ান (১৯) এবং তার সহযোগী মো. রিমন আহম্মেদ (২৪)।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযোগ রয়েছে, মাদ্রাসায় যাতায়াতের সময় রিফাত তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি ভিকটিমের পরিবার রিফাতের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ৯ আগস্ট সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সহযোগীদের নিয়ে জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে নেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, পরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে রিফাত কিশোরীকে ধর্ষণ করে এবং তার অজ্ঞাতে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে রিফাতের সঙ্গে বিয়েতে বাধ্য করার চেষ্টা করা হয়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ১৪ আগস্ট কলমাকান্দা থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়।

মামলা দায়েরের পর অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। তাদের অবস্থান শনাক্তে র‌্যাব-১৪ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি র‌্যাব-১৪-এর একটি দল কুরপাড়া মীরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রিফাত ও রিমনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *