মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানা পুলিশের জুয়া বিরোধী অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫২টি জুয়া খেলার তাস, একটি সিমেন্টের বস্তা এবং নগদ ৬২০ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (২২ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে রংপুর মহানগর পুলিশের হাজীরহাট থানাধীন ২ নম্বর ওয়ার্ডের হরিরাম পিরোজ গ্রামের জনৈক শফিকুলের বাঁশঝাড়ের ভেতর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—হরিরাম পিরোজ গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোঃ জাকের আলী (৪৭), পূর্ব রনচন্ডি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ চাঁন মিয়া (৩৫), একই এলাকার মৃত মহির উদ্দীনের ছেলে মোঃ দুলাল মিয়া (৪০), রনচন্ডি পূর্বপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মোঃ সাজু মিয়া (৫২), বড়বাড়ী হরিরাম পিরোজ গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে মোঃ মোরছালিন ভোলা (৪০) এবং হরিরাম পিরোজ গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে মোঃ রাকিব (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুরের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারসহ নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হরিরাম পিরোজ গ্রামের একটি বাঁশঝাড়ে অভিযান চালানো হয়। এ সময় সেখানে জুয়া খেলারত অবস্থায় ৬ জনকে আটক করা হয়।
অভিযানে ৫২টি জুয়া খেলার তাস, একটি সিমেন্টের বস্তা এবং ২০০ টাকার একটি নোট, ১০০ টাকার চারটি নোট ও ২০ টাকার একটি নোটসহ মোট ৬২০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সালাম মিয়া, এসআই ফারহান কাজী, এএসআই মোঃ শাহীনুর রহমান, এএসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই মোঃ তাহমিনুর রহমান, এএসআই মোঃ লিয়াকত আলী ও এএসআই মোঃ দেলোয়ার হোসেনসহ হাজীরহাট থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশের এমন সময়োপযোগী ও ধারাবাহিক জুয়া বিরোধী অভিযানকে স্থানীয়দের অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, জুয়ার আসর বন্ধে পুলিশের নিয়মিত তৎপরতা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ঘটনায় আরপিএমপি হাজীরহাট থানায় এফআইআর নং-০৮/৮১, তারিখ ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ৬ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *