মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা ধারাবাহিকভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ জুলাই) পৃথক দুটি অভিযানে একজন মাদক সেবনের অভিযোগে এবং একজন একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর সার্বিক দিকনির্দেশনায় তাজহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত নিয়মিত অভিযানে রাত ১২টা ১০ মিনিটে তাজহাট থানাধীন মডার্ন মোড় এলাকার নালন্দা স্কুলের পশ্চিম পাশে ব্রিজের নিচ থেকে মাদক সেবনের দায়ে মো. আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করে আদালতে পাঠানো হয়।
একই দিনে দুপুর ১২টা ৩০ মিনিটে আদালতের জারি করা একটি জিআর এবং একটি সিআর (একই আসামীর নামে) গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় কোতয়ালী থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামী মো. শাহীন ওরফে লাউ শাহীনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরপিএমপির তাজহাট থানার নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
