সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
নেত্রকোনার কেন্দুয়া থানায় ১৬ বছর বয়সী এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের মামলায় সহযোগিতার অভিযোগে জনি (২০)ম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। একই অভিযানে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট ২০২৬ রাতে র্যাব-১৪, সদর কোম্পানি, ময়মনসিংহের একটি আভিযানিক দল র্যাব-১-এর সহযোগিতায় রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করে। তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রধান আসামি রনি (২২) সহযোগীদের নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলে নাবালিকা হওয়ায় পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। এরপর তাকে অপহরণের পরিকল্পনা করা হয় বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২০ আগস্ট সকালে কোচিংয়ে যাওয়ার পথে ভিকটিমকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান আসামি রনি তাকে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর কেন্দুয়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলা নম্বর ০৫; এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়।
র্যাব-১৪ জানায়, মামলা হওয়ার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ভিকটিমকে নিরাপদ হেফাজতে দেওয়া হয়েছে। গ্রেপ্তার জনির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
