মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর তাজহাট থানাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে তাজহাট থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৭ হাজার ৮৫০ টাকা।
পুলিশ জানায়, শুক্রবার (২১ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটের দিকে তাজহাট থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের তাজহাট টিবি হাসপাতালের প্রধান ফটকের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুরের নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও তাজহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. রাশেদ খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহিউদ্দিন ইসলাম টুটুল (২৯), মো. রাজু মিয়া (২৯) এবং মো. মোকছেদুল ইসলাম (৩৮)। তারা রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন টিবি হাসপাতাল বস্তি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে তাদের হেফাজত থেকে মোট ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে ৩১ পিস ইয়াবার আনুমানিক মূল্য ১০ হাজার ৮৫০ টাকা এবং অপর ২০ পিসের আনুমানিক মূল্য ৭ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৭ হাজার ৮৫০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় মামলা করা হয়েছে। মামলাটি তাজহাট থানার মামলা নং-১৪, তারিখ ২২ আগস্ট ২০২৬।
পুলিশের এ ধরনের মাদকবিরোধী ধারাবাহিক অভিযানকে স্থানীয়দের পক্ষ থেকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গ্রেপ্তার তিনজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *