সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহের কোতোয়ালী থানায় দায়ের হওয়া বহুল আলোচিত শিবলু হত্যা মামলার প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সদর কোম্পানি। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকার তুরাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে র্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার সহায়তায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার আবু সাঈদ (৪৫) ও মো. ফাহিম (২০)।
র্যাবের তথ্য অনুযায়ী, নিহত শিবলু পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। কিছুদিন আগে আবু সাঈদের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। পরে পারিবারিক বিরোধের জেরে দাম্পত্য কলহ সৃষ্টি হলে শিবলুর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এ ঘটনার জেরে ২০২৫ সালের ১৭ অক্টোবর বিকেলে ময়মনসিংহের উত্তর দাপুনিয়া সেলফি রোড এলাকায় শিবলুর ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১৯ অক্টোবর ২০২৫ তারিখে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার সকালে ঢাকার তুরাগ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ জানিয়েছে, অপরাধ দমন, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
