ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি পদে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এবং সহ-সভাপতি পদে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ মনোনীত হওয়ায় সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
দেশের অন্যতম বৃহৎ সরকারি হাসপাতাল হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শুধু বিভাগের নয়, উত্তর ও মধ্যাঞ্চলের লাখো মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল। প্রতিদিন হাজারো রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে হাসপাতালের সেবার মান উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে পরিচালনা পরিষদের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সভাপতি ও সহ-সভাপতির নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ আরও ত্বরান্বিত হবে। বিশেষ করে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং চিকিৎসাসেবার মান আরও বাড়ানোর বিষয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে।
এছাড়া হাসপাতালের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধান, নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও পরিচালনা পরিষদের নতুন নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
ময়মনসিংহবাসীর প্রত্যাশা, নতুন পরিচালনা পরিষদের নেতৃত্বে হাসপাতালটি আরও আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে এবং রোগীরা আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।
