ময়মনসিংহে র্যাব-১৪ এর সদর কোম্পানির অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ উজ্জ্বল মিয়া (৩৪) গ্রেফতার হয়েছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানার পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৪ সদর কোম্পানির একটি আভিযানিক দল। অভিযানে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা মোঃ উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার উজ্জ্বল মিয়া ময়মনসিংহ সদর উপজেলার চরকালী বাড়ী এলাকার মিরাজ উদ্দিনের ছেলে। তিনি কোতোয়ালী থানার মাদক মামলা নং-১১৩(৮)১৯, জিআর-১০১৫/১৯-এর আসামি। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ৮(ক) ধারায় দায়ের করা হয়েছিল।
র্যাবের ভাষ্য অনুযায়ী, সাজা ঘোষণার পর দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
র্যাব-১৪ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
