মোরশেদ মিয়া
প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. উজ্জল মিয়া (২৫) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা সদর থানার ২ নম্বর মালিবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসামত মালিবাড়ি মধ্যপাড়া গ্রামের লাল মিয়ার বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কেনাবেচার সময় মো. উজ্জল মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
পরে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেটে বিশেষ কায়দায় রাখা সাদা পলিথিনে মোড়ানো ৭০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া মো. উজ্জল মিয়া গাইবান্ধা সদর থানার কাউন্সিলর বাজার এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের চলমান কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
