নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ১০ নং উস্থি ইউনিয়ন পরিষদের সচিব জুলহাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না এবং বিভিন্ন সেবার বিপরীতে অতিরিক্ত অর্থ আদায় করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবার ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং প্রয়োজনীয় সেবা পেতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইউনিয়ন পরিষদে কোনো কাজ নিয়ে গেলে নির্ধারিত খরচের চেয়ে বেশি টাকা দাবি করা হয়। অতিরিক্ত অর্থ না দিলে কাজ বিলম্বিত করা হয় বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়ন এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত সচিব জুলহাসের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
অভিযোগগুলোর সত্যতা যাচাই সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
