মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভূয়া নিয়োগ ও অনিয়মের মাধ্যমে শিক্ষক পদে বহাল থাকার অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তালিকায় কয়েকজন শিক্ষকের নাম, কর্মস্থল ও বিভিন্ন তথ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অভিযোগ রয়েছে, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় জাল সনদ, ভুয়া কাগজপত্র এবং প্রভাব খাটিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আবার কোথাও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অথবা মেধা তালিকা উপেক্ষা করে নিয়োগ সম্পন্ন করার অভিযোগও রয়েছে। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই কিছু প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ থাকলেও কার্যকর তদন্তের অভাবে অনেকেই বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। এতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন অভিভাবকরা।
এদিকে রাজশাহীতে বিভিন্ন সময় শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক ও অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

অভিভাবকদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভুয়া সনদধারী ও অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, “শিক্ষক নিয়োগে অনিয়ম চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *