সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

দীর্ঘ ২৪ বছর পর ময়মনসিংহের সরকারি মুমিনুন্নিসা কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর অনলাইনে একটি গোষ্ঠী অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ করেছেন সংগঠনের নেত্রীরা। রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির নতুন সভাপতি সাজিয়া মনসুর, দর্শন বিভাগের মাস্টার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা, দর্শন বিভাগ ৪র্থ বর্ষ।

নেতৃবৃন্দ বলেন, “যখন আমরা কলেজের সকল শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছি, তাদের ভালো-মন্দকে প্রাধান্য দিচ্ছি, ঠিক সেই মুহূর্তে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন স্ক্রিনশট বানিয়ে তথ্যসন্ত্রাসীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। নিজেদের অস্তিত্ব বিলীন হওয়ার ভয়ে ফেক আইডি ব্যবহার করে এ ধরনের অপপ্রচারের আশ্রয় নিয়েছে তারা।”

তারা আরও জানান, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় অপতথ্যের বিরুদ্ধে গত ১৫ মে সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরিতে একাধিক ফেক আইডির মধ্যে আরেফিন খানম, মালেকা রানী, জাহানারা জার লিংক উল্লেখ করা হয়েছে।

নেত্রীরা বলেন, “আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। জুলাই-আগস্ট আন্দোলনে রাজপথে ব্যাপক ভূমিকা রেখেছি। আগেও আন্দোলনের মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমাদের নতুন কমিটি নিয়ে এগিয়ে যাব, ইনশাআল্লাহ। অপপ্রচারকারীরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমরা সজাগ আছি।”

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ খান মো. সাজ্জাদ কবির বলেন, “এগুলো ভিত্তিহীন। যারা করছে তারা আমাদের কলেজের কেউ নয় বলে জানতে পেরেছি। ফেক আইডির মাধ্যমে কেউ কেউ প্রোপাগান্ডা চালাতে পারে।”

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *