এস এম মনির হোসাইন
মায়ের স্নেহহীন শৈশব, ভাই-বোনদের ত্যাগের আলোয় বেড়ে ওঠা আর বুকভরা স্বপ্ন নিয়ে শুরু হওয়া একটি সাজানো সংসার আজ নিমিষেই ধুলিস্যাৎ হয়ে গেছে। সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২৪ বছর বয়সী এক নারী ফিরে এসেছেন ভাইদের আশ্রয়ে। সন্তান না হওয়ার অযুহাতে স্বামী কর্তৃক নির্মমভাবে প্রত্যাখ্যান ও শেষ পর্যন্ত সালিশি বৈঠকের মাধ্যমে জোরপূর্বক বিচ্ছেদের ঘটনায় এখন তোলপাড় পুরো দেশ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে বরিশালের হিজলা উপজেলার এই মর্মান্তিক ঘটনা। ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার ৩ন গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাসকাটা গ্রামের। ভুক্তভোগী জান্নাতুল ইতির বয়স এখন ২৪ বছর। তার বাবা ৭৫ বছর বয়সী রিকিম আলী সরদার বয়সের ভারে আজ পুরোপুরি কর্মক্ষমতাহীন। মা ফাতেমা বেগম মারা গেছেন প্রায় এক দশক আগে। সাত ভাই-বোনের মধ্যে ইতি ষষ্ঠ। মায়ের মৃত্যুর পর বড় বোনদের পরম মমতায় আর ভাইদের ঘামঝরানো উপার্জনে কোনো রকমে বেড়ে উঠেছিলেন তিনি। ছোট বোনের একটি সুন্দর ভবিষ্যতের আশায় ভাইয়েরা তাকে ভালোবেসে বিয়ে দিয়েছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের বামনেরচর এলাকার রনি খানের (২৮) সঙ্গে। বিয়ের পর স্বামী-স্ত্রী ঢাকায় বসবাস শুরু করেছিলেন। কিন্তু জান্নাতের এই বুকভরা স্বপ্নগুলো থমকে যায় সামাজিক ও মানসিক এক নির্মম বাস্তবতায়। প্রায় সাত বছরের সংসারজীবনে তাদের কোনো সন্তান হয়নি। ইতির অভিযোগ, গত তিন মাস আগে বাবার বাড়ি বেড়াতে আসার পর থেকেই স্বামী রনি তার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেন। পরবর্তীতে যোগাযোগ করা হলে রনি সাফ জানিয়ে দেন, তিনি আর ইতির সঙ্গে সংসার করবেন না। সংসারটি টিকিয়ে রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত শতচেষ্টা চালিয়ে গেছেন ইতি। কিন্তু নিষ্ঠুর বাস্তবতার সামনে তার সব আকুতি ব্যর্থ হয়। গত ৭নভেম্বর শনিবার হিজলা থানার উপপরিদর্শক (এসআই) আজগর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি বৈঠকে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিচ্ছেদের আগে স্বামীর মন গলাতে এবং সংসার বাঁচাতে শেষ চেষ্টা হিসেবে স্বামীর পায়ে পর্যন্ত ধরেছেন ইতি। করুন সুরে আকুতি জানিয়েছেন তাকে না ছাড়ার জন্য। কিন্তু পাষাণ স্বামীর মন একটুও গলেনি। সবার উপস্থিতিতেই চিরতরে ছিন্ন হয়ে যায় সাত বছরের ভালোবাসার বন্ধন। বর্তমানে নিজের ভিটামাটিতে ফিরে আসা ইতির চোখে শুধু জল আর অনিশ্চয়তা। যে বোনকে ভাই-বোনেরা আগলে রেখে বড় করেছিলেন, আজ সমাজের নিষ্ঠুরতায় তাকে ফিরতে হয়েছে শূন্য হাতে। একটি হৃদয়বিদারক প্রশ্ন রেখে ইতি এখন সমাজের বিবেকবান মানুষের মুখোমুখি— “যে সংসারটিকে বাঁচিয়ে রাখতে এত আকুতি, এত চেষ্টা, এত কান্না; সেই সংসার হারানোর পর আজ আমার নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা কে দেবে?”সন্তানহীনতাকে অজুহাত বানিয়ে একজন নারীর জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা এবং সালিশের টেবিলে তার অসহায় আত্মসমর্পণ আজ নারী অধিকার ও সামাজিক মূল্যবোধ নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
