রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (A-SRHR) বিষয়ক অত্যাবশ্যকীয় উপকরণের প্রাপ্যতা ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (UHC) হলরুমে SATHEE বাস্তবায়িত সাপোর্টিভ অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস (SAY-SRHR) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (MCH-FP) ডা. পল্লব সাহা।
সভায় প্রকল্পের ব্যবস্থাপক ফিরোজ আহমেদ কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক জন্মনিয়ন্ত্রণ সামগ্রী, স্যানিটারি প্যাড এবং যৌনবাহিত সংক্রমণ (STI) চিকিৎসার ওষুধসহ প্রয়োজনীয় উপকরণের পর্যাপ্ত মজুত ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (HMIS)-এ A-SRHR সংক্রান্ত তথ্য নির্ভুলভাবে ও যথাসময়ে এন্ট্রি এবং প্রতিবেদন প্রেরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় আটপাড়া CHCP অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মুনসুরপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) মো. ইলিয়াস উদ্দিন কমিউনিটি ক্লিনিক পর্যায়ে অত্যাবশ্যকীয় ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, গত ছয় মাসে তাঁর কর্মস্থল মুনসুরপুর কমিউনিটি ক্লিনিকে কট্রিমক্সাজলসহ যৌনবাহিত সংক্রমণ-সম্পর্কিত কোনো ওষুধ সরবরাহ করা হয়নি। একই সময়ে কোনো জন্মনিয়ন্ত্রণ সামগ্রীও পাওয়া যায়নি।
সুনই ইউনিয়নের ১০ শয্যাবিশিষ্ট কামরুন নাহার জেবু মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্রের (MCWC) ইনচার্জ নাসিমা খাতুন মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য উপকরণের ঘাটতির কথা তুলে ধরেন। তিনি জানান, প্রতিষ্ঠানটিতে মূলত ডেলিভারি কিট সরবরাহ করা হলেও স্যানিটারি প্যাড ও অধিকাংশ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর নিয়মিত সরবরাহ বন্ধ রয়েছে। বর্তমানে কেবল কনডম পাওয়া যাচ্ছে। অন্যদিকে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (UH&FWC) এবং ইউনিয়ন পর্যায়ের মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র—উভয় প্রতিষ্ঠানেই স্যানিটারি প্যাডের সরবরাহ নেই।
আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. মানিক মিয়া কমিউনিটি ক্লিনিকের CHCP-দের অনলাইন তথ্য প্রতিবেদন প্রেরণের ক্ষেত্রে বিদ্যমান দুর্বলতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, নির্ভুল ও সময়মতো অনলাইন রিপোর্টিং নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. পল্লব সাহা বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিরাপদ প্রসবসেবা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা রয়েছে। তবে পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাব এ কার্যক্রম বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
স্বাস্থ্যকেন্দ্র পর্যায়ের কর্মীদের উত্থাপিত সমস্যার সঙ্গে একমত পোষণ করে তিনি স্যানিটারি প্যাড, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী এবং যৌনবাহিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিবায়োটিকসহ অত্যাবশ্যকীয় উপকরণের সংকটের বিষয়টি স্বীকার করেন। পাশাপাশি সাশ্রয়ী ও সহজলভ্য পরামর্শসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত প্রশিক্ষিত জনবলকে যথাযথভাবে কাজে লাগিয়ে মানসম্মত সেবা প্রদানের ওপর গুরুত্ব দেন।
সভাপতির সমাপনী বক্তব্যে ডা. উত্তম কুমার পাল গুরুত্বপূর্ণ যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়টি সামনে নিয়ে আসা এবং সমন্বয় সভা আয়োজনের জন্য SATHEE ও SAY-SRHR প্রকল্পকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সামাজিক কুসংস্কার, সংকোচ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অনেক সময় সেবাদানকারীদের পক্ষে কিশোর-কিশোরীদের সঙ্গে কার্যকরভাবে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ বিনিময় করা কঠিন হয়ে পড়ে। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের পরিকল্পনায় কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা পর্যাপ্ত অগ্রাধিকার না পাওয়ায় কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ও অত্যাবশ্যকীয় উপকরণের ঘাটতি তৈরি হচ্ছে।
তিনি আশ্বাস দেন, বিদ্যমান ঘাটতি ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং কিশোর-কিশোরীদের জন্য উপযুক্ত, সহজলভ্য ও কিশোর-কিশোরীবান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতের সম্ভাব্য উপায় অনুসন্ধান করা হবে।
সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীরা অংশগ্রহণ করেন। তাঁরা বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রকল্প দলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
