মোরশেদ মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যা মামলায় ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাইফুল্লাহ বারীর হত্যাকাণ্ডের ঘটনায় সাঘাটা থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে— বোনারপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ খন্দকার, বিএনপির সদস্য রবিউল ইসলাম, মোনারুল ইসলাম এবং বোনারপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শাহ আলমকে। এছাড়াও ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এদিকে, মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— আশরাফ খন্দকার (বাটি গ্রামের আকবর খন্দকারের ছেলে), রবিউল ইসলাম (তাইড় গ্রামের শাহ আলম শিমুলের ছেলে) এবং শাহ আলম (বোনারপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে)।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তও চলমান রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় সংঘটিত এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *