সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ আবুল বাদশা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন রাত প্রায় ১২টার দিকে ডিবির একটি দল শম্ভুগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আবুল বাদশার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আবুল বাদশা শম্ভুগঞ্জ এলাকায় মাদকের ডিলার হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য মতে, আবুল বাদশার কাছ থেকেই পাইকারি দরে হেরোইন ও ইয়াবা কিনে নিয়ে খুচরা ব্যবসায়ীরা বাজারে বিক্রি করত। সে বোররচর, পরানগঞ্জ, সিরতা, চর ঈশ্বরদিয়া, চর গোবিন্দপুর ও চর নিলক্ষীয়া ইউনিয়ন এলাকায় পাইকারি হেরোইন ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা গেছে।
আবুল বাদশা গ্রেফতারে এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জ ও আশপাশের এলাকায় মাদকের ছড়াছড়ির কারণে যুবসমাজ বিপথে যাচ্ছিল। মাদক ব্যবসায়ী গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে। তবে এলাকাবাসী দাবি করেন, শম্ভুগঞ্জ ও সংলগ্ন এলাকায় আরও মাদক ব্যবসায়ী রয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জেলা গোয়েন্দা শাখার প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আবুল বাদশার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
