সামদানি হোসেন বাপ্পি

র‌্যাব-১৪, সদর কোম্পানি, ময়মনসিংহের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ উজ্জল মিয়া (৩৩) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ঢাকা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কিশোরগঞ্জ জেলার বাসিন্দা মোঃ উজ্জল মিয়া (৩৩)কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে বিশেষ কৌশলে পলিথিনে সংরক্ষিত ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র‌্যাব আরও জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *