মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস জি-মরফিন (মরফিন ১৫ এমজি) ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে আরপিএমপির কোতয়ালী থানাধীন মেডিকেল মোড় এলাকার নিউ পারভেজ হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ একলাছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ শরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করা হয়।
এসময় তার হাতে থাকা একটি সাদা রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ৫টি পাতায় থাকা মোট ২৫টি জি-মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রতিটি এম্পুল ১ মিলিলিটার করে মোট ২৫ মিলিলিটার মরফিন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত শরিফুল ইসলাম রংপুর মহানগরের হারাগাছ থানার চিলমন মধ্যপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *