মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় ধারালো ছুরি সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেল ২টা ৩০ মিনিটের দিকে আরপিএমপি কোতয়ালী থানাধীন সাতগাড়া হিন্দুটারী এলাকার সাকিল স্টোরের পূর্ব পার্শ্বের একটি ফাঁকা মাঠ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এর সার্বিক সহযোগিতায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ বাবু (৪২)। তিনি রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন রবার্টসনগঞ্জ ন্ডলপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ২.২ গ্রাম), আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার ৬০০ টাকা, দুটি মোবাইল ফোন (প্রতিটিতে একটি করে সিম সংযুক্ত) এবং একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত ১৮ ইঞ্চি লম্বা দেশীয় ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা এবং অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
