ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বাবা আলহাজ্ব জসিম উদ্দিনের জানাজায় মানুষের ঢল নেমেছে। তিন দফা জানাজায় রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আলেম ওলামা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ জোহর তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের প্রথম জানাজা সোমবার (৯ নভেম্বর) বাদ এশা ঢাকার গুলশান আজাদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ঈশ্বরগঞ্জ বাইতুল কোরআন হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আহমাদ আলী।
সকালে জানাজায় অংশ নিতে বড় খেলার মাঠে মানুষের সমাগম ঘটতে থাকে। সংসদ সদস্যের বাবাকে শেষবারের মতো বিদায় জানাতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন মানুষ। জানাজায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মাঠজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
দ্বিতীয় জানাজায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ঈশ্বরগঞ্জের সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব ড. আওরঙ্গজেব বেলাল।
এ ছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, আলেম ওলামা, শিক্ষক, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেন।
পরে মঙ্গলবার বাদ জোহর বেলা ২টায় উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের আত্মীয় সম্পর্কে নাতি হাফেজ কামরুল ইসলাম রাসেল। তৃতীয় জানাজায়ও আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর নিজ গ্রাম বড়হিত ইউনিয়নের পাড়ানারায়ণপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন আলহাজ্ব জসিম উদ্দিন। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়ানারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য।
আলহাজ্ব জসিম উদ্দিনের মৃত্যুতে পরিবার পরিজন, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
