মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
মাদক নির্মূলে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ধারাবাহিক অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পৃথক চারটি অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার, একটি মোটরসাইকেল জব্দ এবং মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, ২০ জুলাই গভীর রাতে তাজহাট থানার মর্ডান মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ বোতল নেশাজাতীয় ESkuf এবং একটি রেজিস্ট্রেশনবিহীন RTR 160 সিসি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমান।
অপরদিকে, ২১ জুলাই সন্ধ্যায় হারাগাছ থানার চিলমন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নন-এফআইআর প্রসিকিউশন গ্রহণ করা হয়েছে।
একই দিন রাতে হাজীরহাট থানার উত্তম মাস্টারপাড়া এলাকায় আরেকটি বিশেষ অভিযানে ৩ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করে ডিবি। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জিন্নাত আলী এবং এসআই (নিরস্ত্র) মো. আবু সাঈদ বাবলা।
এদিকে, ২১ জুলাই হারাগাছ থানা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরপিএমপি সূত্র জানায়, মহানগর এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট ঘটনাগুলোর আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রয়েছে।
