মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের পরিচয় দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা। পৃথক দুটি অভিযানে চুরির ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেফতার করে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। একই দিনে বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে আরও দুইজনকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তাজহাট থানাধীন নগর মীরগঞ্জ বাজার এলাকায় একটি কাঠ সংরক্ষণাগারের তালা ভেঙে একটি আরএফএল কোম্পানির এক অশ্বশক্তি সম্পন্ন পানির পাম্প, লোহার শাবল, অ্যাঙ্গেল ও রেঞ্জ চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তাৎক্ষণিক তদন্ত শুরু করে তাজহাট থানা পুলিশ।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ)-এর নির্দেশনায় অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মঞ্জুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে অভিযুক্ত সারোয়ার হোসেন ও রিপন বাবু ওরফে ছোট বাবুকে গ্রেফতার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া এক অশ্বশক্তি সম্পন্ন পানির পাম্প উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে একই দিনে তাজহাট থানার আরেকটি বিশেষ অভিযানে আলমনগর এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে জহুরুল হক হীরা ও চাঁন মিয়াকে আটক করা হয়। পরে রংপুর মেট্রোপলিটন আইন, ২০১৮-এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তাজহাট থানা পুলিশের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অপরাধ সংঘটনের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের ঘটনায় পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা প্রশংসিত হচ্ছে।
আরপিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *