ময়মনসিংহে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্তসহ তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। একই সঙ্গে অপহরণ মামলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪-এর সিপিএসসি, ময়মনসিংহের আভিযানিক দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাব্বি মিয়া (৩২) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি কোতোয়ালী থানার একটি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক দুই বছরের সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে র‌্যাব।

একই এলাকায় রাত সাড়ে ৮টার দিকে পৃথক অভিযানে মোঃ রফিকুল ইসলাম (ভাসমান) (৪৫) নামে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালী থানার রঘুরামপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাহবুব হোসেন নামে আরও এক মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করে র‌্যাব।

অন্যদিকে, অপহরণ মামলার তদন্তের ধারাবাহিকতায় একই রাতে ভালুকা থানার সীডস্টোর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় যাতায়াতের পথে অভিযুক্ত মোঃ আবিদ (২০) তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও প্রলোভন দেখাতেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। গত ১২ জুলাই বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সিএনজিযোগে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গত ৫ আগস্ট পাগলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব-১৪ ছায়াতদন্তের পাশাপাশি ভিকটিম উদ্ধারে তৎপরতা শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সীডস্টোর এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

গ্রেফতার তিন আসামি ও উদ্ধারকৃত কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৪।

র‌্যাব-১৪ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *