সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটের দিকে জেলার ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ত্রিশাল উপজেলার দরিকাঠাল এলাকার মো. ইউনুছ আলীর ছেলে মো. আবু সাইদ (৩৫) এবং একই উপজেলার কুষ্টিয়া এলাকার আঃ মতিনের ছেলে মো. আলমাছ (২৬)। তারা বর্তমানে ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় পৃথক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (দক্ষিণ) মুহাম্মাদ মাহবুবুল হক-এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবির এসআই (নিঃ) রাজীব তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অংশ নেন।

অভিযানকালে তাদের কাছ থেকে ৩০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে তাদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়।

এদিকে, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

ময়মনসিংহে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এবং মাদকের সরবরাহ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিক ও কার্যকর মাদকবিরোধী অভিযান মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে ভূমিকা রাখবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *