মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানা পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার মোট ৬ জন আসামী গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত আসামী, নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী, চুরি মামলার অভিযুক্ত, সাইবার মামলার আসামী এবং ইয়াবাসহ এক মাদক কারবারি।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ)-এর নির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি এনজিআর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলার এজাহারভুক্ত একজন আসামী, একজন চুরি মামলার আসামী, একটি চুরি মামলার তদন্তে সন্দেহভাজন একজন, একটি সাইবার মামলার একজন এজাহারনামীয় আসামী এবং ০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারি পুলিশের হাতে আটক হন।
মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। অপরদিকে, অন্যান্য মামলার গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা জানিয়েছে, মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, পরোয়ানা তামিল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পুলিশের দাবি, এসব অভিযানের ফলে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
