নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের ইচুলিয়া উচ্চ বিদ্যালয়ের এমএলএসএস (দপ্তরী) পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইছুলিয়া গ্রামের মৃত আলাল উদ্দীনের ছেলে মোঃআজিজুর রহমান এবং মৃত শামছুদ্দিনের ছেলে মোঃ নুর উদ্দিন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ৭ এপ্রিল তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং ৬ থেকে ৭ লাখ টাকার বিনিময়ে মৃত আলী ফকিরের ছেলে মোঃ রমজান ফকিরকে এমএলএসএস (দপ্তরী) পদে নিয়োগ দেয়। এতে যোগ্য ও শিক্ষিত প্রার্থীরা বঞ্চিত হন বলে অভিযোগকারীদের দাবি।
অভিযোগকারী মোঃনুর উদ্দিন বলেন, রমজান ফকির কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেননি। তিনি বাটঘাট উচ্চ বিদ্যালয় থেকে সংগ্রহ করা একটি অষ্টম শ্রেণি উত্তীর্ণের সনদ ব্যবহার করে চাকরির জন্য আবেদন করেন, যা নিয়ে প্রশ্ন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইচুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, নিয়োগের পুরো বিষয়টি পরিচালনা কমিটির অধীনে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে তার কোনো ভূমিকা ছিল না।
বাটঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ খোকন জানান, ইচুলিয়া উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। মানবিক বিবেচনায় রমজান ফকিরকে অষ্টম শ্রেণির একটি সনদ দেওয়া হয়েছিল, তবে তিনি তাদের বিদ্যালয়ের নিয়মিত ছাত্র ছিলেন না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃরমজান ফকির বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি বিধি মোতাবেক তাকে নিয়োগ দিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে নেত্রকোনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগকারী মোঃনুর উদ্দিন ও মোঃআজিজুর রহমান বলেন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পন্ন হওয়া নিয়োগ বাতিল ও পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, অভিযোগগুলো অভিযোগকারীদের লিখিত বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত ঘটনা নির্ধারিত হবে।
