নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগের তারাকান্দা উপজেলার খাদ্য গুদামে চলমান বোরো ধান সংগ্রহ কার্যক্রমে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়েছে। উপজেলার ওসিএলএসডি (OSD/LSD) কর্মকর্তা সাকিল আহমেদকে খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি ধান গ্রহণ ও তদারকি কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে।
জানা যায়, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহের সময় নতুন ধানের আর্দ্রতা (ময়েশ্চার) নির্ধারিত মাত্রার চেয়ে কিছুটা বেশি থাকায় তা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা দেখা দেয়। এ পরিস্থিতিতে কৃষকদের স্বার্থ বিবেচনা করে ধানের আর্দ্রতা পরীক্ষা, শুকানোর পরামর্শ প্রদান এবং মানসম্মত ধান সংগ্রহ নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন ওসিএলএসডি সাকিল আহমেদ ও খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় কৃষকরা জানান, সাধারণত এ ধরনের কাজে কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণ খুব কমই দেখা যায়। কিন্তু সাকিল আহমেদের নেতৃত্বে খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ধান সংগ্রহ কার্যক্রমে হাতে-কলমে কাজ করায় কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে কর্মকর্তাদের এমন আন্তরিকতা ও দায়িত্বশীলতা কৃষকদের আস্থা বাড়ানোর পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল করবে। তারাকান্দা খাদ্য গুদামে এই ব্যতিক্রমী উদ্যোগ বর্তমানে স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।
