মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে জেলা আদালতের বিচারকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিচারক ও আইনজীবীরা বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক। সভায় জেলা আদালতের বিভিন্ন স্তরের বিচারক এবং আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আরাফাত হোসেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম।

বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অটুট রাখতে বিচারক ও আইনজীবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

আইনজীবী সমিতির পক্ষে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি কাজী আবুল খায়ের, সহসভাপতি মো. ফরহাদ মোল্লা, সহসভাপতি মো. মঈনুল হাসান মৃধা এবং সাধারণ সম্পাদক এন্তেখাফ আলম সেলিম।

তাঁরা বলেন, আদালতের মর্যাদা সমুন্নত রাখা, বিচারব্যবস্থার উন্নয়ন এবং আইনজীবীদের পেশাগত মানোন্নয়নে নবনির্বাচিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি বিচারকদের সঙ্গে সমন্বয় করে বিচারপ্রার্থীদের স্বার্থে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তাঁরা।

উল্লেখ্য, গত ২৩ মে অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬টি পদেই বিএনপিপন্থী আইনজীবীরা বিজয়ী হন। এর মাধ্যমে সমিতির কার্যনির্বাহী কমিটির সব পদে তাঁদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *