সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ৩ নম্বর পুলিশ ফাঁড়ির অভিযানে ইউনুস হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আকমল আলী (৩২) গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আকমল আলী ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের মুলাঘাটা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কোতোয়ালী মডেল থানার ৩ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। অভিযানে সফলভাবে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের রায় কার্যকরে ময়মনসিংহ জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
