মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীতে ২১০০ (দুই হাজার একশত) পিস অ্যাম্পিফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী (ডিএনসি)।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানাধীন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোসাঃ জান্নাতুল ফেরদৌসী রত্না (২৯) ও তার স্বামী মোঃ আসাদুজ্জামান (৩৮)। তারা নগরীর রাজপাড়া থানার আইডি বাগানপাড়া সংলগ্ন লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোডের ‘দশতলা ম্যাংগো টাওয়ার’-এর ৩য় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহী সূত্রে জানা যায়, উপপরিচালক জনাব মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব এ.এস.এম মঈনুদ্দীন কবিরের নির্দেশনায় উপ-পরিদর্শক জনাব আল আমিন হোসেনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানে আসামিদের কাছ থেকে দুটি জিপারযুক্ত পলি প্যাকেট ও একটি ব্যাগ থেকে মোট ২১০০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয় (যার মোট ওজন ২১০ গ্রাম)। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এই চক্রের অন্যান্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *