মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জন আসামি ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে তাজহাট থানার পুলিশ টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৬ জনকে এবং একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করে।
কোতয়ালী থানা পুলিশ সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে দুইজন এবং একটি চুরি মামলার এজাহারভুক্ত এক আসামিকে আটক করে। হাজীরহাট থানা পুলিশ পৃথক মামলার দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করে।
এদিকে হারাগাছ থানা পুলিশ চুরি মামলার এক আসামি, নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক আসামি এবং নিয়মিত মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে।
মাহিগঞ্জ থানা এলাকায় মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করা হয়। অপরদিকে পরশুরাম থানা পুলিশ নন-এফআইআর প্রসিকিউশনের আওতায় একজনকে এবং ৫ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই, টিকিট কালোবাজারি, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
